Sunday, 6 October 2013

কর্মজীবি মায়েদের জন্য


ছোট্ট ছোট্ট চোখে অসীম এক অপেক্ষার প্রহর কাটিয়ে দেয়, ছোট্ট শরীরে ছোট্ট ছোট যে আশা তার পুরোটাই ঘুরতে থাকে আপনাদের অপেক্ষায়। ছোট্ট এই মানুষটি অযথাই পাইচারী করে, নিজের মনেই সময় গুনতে থাকে। পরিবারের ছোট্ট এই সদস্যটি আপনার কন্যা বা পুত্র।

ইট কাঠের জংলা ঢাকা শহর হোক আর আলো-হাওয়া খেলা করা আউটার ঢাকাই হোক, আজকের বাস্তবতা হল- ‘এক জনের আয়ে ব্যয় অপেক্ষা ঋণ জয়তু’। তাই পরিবারের কপালে সুখের নজর ফোটা চড়াতে স্বামীর পাশাপাশি স্ত্রীকেও ছুটতে হচ্ছে অর্থের চাকা দৌড়াতে। এরই মাঝে বাড়ির খুদেঁ সদস্যটি বেড়ে উঠছে হয় নিকট আত্মিয়ের কাছে অথবা গৃহ পরিচারিকার সান্নিধ্যে অথবা ডে কেয়ারে। স্বাভাবিক ভাবেই তাই মায়ের অন্তর আর মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপন ব্যবস্থায় গোলাযোগ পূণঃ পূণঃ। বাবুটা কি করছে? ঠিক মত যত্ন আত্তি হচ্ছে কিনা! বিশেষ করে যারা নতুন মা হয়েছেন এবং মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ৯-৫ টার দাবার কোটে সদ্য ফিরলেন। তার উপরে সোশ্যাল সাইট, সংবাদপত্রের কলামগুলোও মায়েদের দুশ্চিন্তার কারণ- আদরের সন্তানটি সহি সালামত আছে কিনা (বিশেষ করে গৃহ পরিচারিকার কাছে যদি লালিত হতে থাকে); কিংবা ওর বেড়ে ওঠা ঠিক মত হচ্ছে কিনা! এটা সত্য যে ওর সবচেয়ে বড় শিক্ষক আপনি, আপনার অনুপস্থিতি বাজারের সবচেয়ে দামি খেলনাও পূরণ করতে পারবেনা; তবে এতাও ঠিক যে আপনি যতটুকু সময় ওকে পাচ্ছেন –কোয়ালিটি টাইমটা যদি নিজেদের মধ্যে শেয়ার করেন তবে কিন্তু সারাদিনের ঘাটতি পূরণ সম্ভব। আসুন দুজন মিলে চেষ্ঠা করি- 
*******************************
·         বাড়ি ফিরে ওকে সবার আগে আলিংগন করুন। ও যেন বুঝতে পারে যে ও যতটুকু আকুল ছিল আপনি তার ঢের বেশি ব্যকুল ছিলেন।
·         বাড়ি ফিরবার সময় ওর জন্য নতুন নতুন খেলনা কিনতে সময় ক্ষেপন করবার চেয়ে জল্‌দি ফিরবার দিকে মনোযোগ দিন। আপনি-ই ওর সবচেয়ে প্রিয় খেলার উপকরণে পরিণত হোন।
·         ওকে একান্তে বেশ কিছুটা সময় দিন ফিরবার পর। অন্য কারো সাথে কথা বললেও এমন ভাবে বলুন যাতে ও বুঝতে পারে যে আপনার ফুল কনসেনট্রেশন ওর দিকেই।
·         ওকে জিজ্ঞেস করুন সারাদিনের বৃত্তান্ত; কথা শেখেনি তাতে কি? ও যেসব শব্দগুলো জেনারেট করবে সেগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। সেগুলোকে প্রাধান্য দিন।
·         যাদের বাড়ি ফিরে উনুনের দারস্ত হতে হয় তারাও মজা করে করতে পারেন- রান্না; বাবুর সাথে। আমার মেয়ের বয়েস দুই ছুই ছুই। আমি ওর ছোট হাড়ি পাতিলে ওকেও কিছু কাজ দেই। নয়তো আটা দিয়ে লেই বানাতে দেই। ওকে শাক বাছতে দিন। হাত ধুয়ে নিলেই তো সারা।
·         বাড়ি ফিরে মা যদি ঘর-কন্নায় ব্যস্ত না হয়ে না’ই পারেন তবে বাবাকে কিন্তু বাবুর সাথে খেলা/ সময় কাটানোর গুরুদায়িত্ব নিতেই হবে। বণে যান ওর ঘোড়া।
·         বাবু যদি স্কুল পড়ুয়া হয়- তবে বাবা-মা উভয়েরই উচিত হবে কিছুটা সময় ওকে গাইড করা।
·         খাবারটা এক সাথে খেতে পারলেই ভালো। বাবুর সোশ্যালাইজেশন বাড়বে, বাড়বে পারিবারিক সম্প্রীতি। ও যদি নিতান্তই ছোট হয়; একা খেতে না পারে তবুও ওকে টেবিলের পাশে বসিয়ে নিন। এখন বাজারে হাই চেয়ার পাওয়া যায় বিভিন্ন প্রাইজ রেঞ্জে। তাতে বসিয়ে দিন না খুদে কেমিস্ট কে। খাওয়ার চেয়ে বেশি খেলুক; তবু ওকে সাথে রাখুন।
·         ঘুমের আগের সময়টি ওকে নিজেই বিছানাটা এরেঞ্জ করুন। ওকে কাজ দিন। আমার কন্যা চাদর টান করে। অথবা বালিশ টেনে দেয়। ও নিজেকে খুব ইমপরটেন্ট মনে করে তখন।
·         বিছানায় ওকে নিয়ে গড়াগড়ি করে কিছুক্ষন খুনশুটি করুন। গল্প বলুন। ওর কাছ থেকেও শুনুন গল্প।
·           বাবুর কপালে চুমু খেতে ভুলবেন না। ও ঘুমিয়ে থাকলেও কপালে আপনার পরশ বুলিয়ে দিন।
·         বাবুকে নিইয়ে সাজুগুজু করুন। ওকে নিয়ে যেমন খুশি তেমন সাজো খেলুন ছুটির দিনে।
·         ছুটির দিনগুলোকে অর্থবহ করে তুলুন। প্রতিটা মূহুর্ত একসাথে থাকুন বাবুর। ও কে নিয়ে পার্কে যান, খোলা মাঠে চাঁদর পেতে ঘন্টা খানেক পুতুল খেলুন, পিকনিক আমেজে ।

**********************************************
কিছু কিছু বিষয় কিন্তু ওদের মানসিক গড়নে – গঠনে বেশ প্রভাব রাখে। এই বিষয়গুলোর বেশির ভাগ বিষয়-ই নির্ভর করবে আপনার আচরণের গড়ণ, ধৈর্য আর বিশ্বাসের উপর-
·         সেইং ‘আই এম সরি’ঃ
ভূল হতেই পারে আপনার, ছোট্ট বাবু বলে পার পেয়ে গেলেই চলবেনা। ওকে সরি বলুন। এতে আপনি ওর কাছে ছোট হবেন না, বরং নিজের অজান্তেই ও শিখে নেবে শিষ্ঠাচার আর বিনয়ী হতে। সেই সাথে ওর মাঝে দায়িত্ববোধের জন্ম নেবে কিভাবে ভুল স্বীকার করে নিতে হবে আর কিভাবে শুধরাতে হবে সেগুলো।
কখনো যদি বাবুটা অগ্রহণযোগ্য আচরণ করে এবং আপনি মাথা গরম করে সমাধান করেন অথবা সঠিকভাবে তার সমাধান করতে না পারেন তার জন্যও তার সাথে কথা বলুন। ওকে জানান ওটা আপনার করা ঠিক হয় নি।  

·         ওকে শুনি আর কোচ করি
উপদেশ নয়  বরং ওকে হাতে কলমে শিখিয়ে দিন সমস্যা কিভাবে সমাধান করতে হবে। বাস্তবিক ভাবে না শিখিয়ে শুধু উপদেশ দিলে কিংবা কেবলই নিশেধাজ্ঞা গারি করলে বাবুটি আপনাকে কেবলি ডিক্টেটর হিসেবে দেখবে। নিজেই ভাবুন, অন্যকেও আপনার উপর খবরদারি করলে আপনিও কিন্তু কিঞ্চিত হলেও বিরক্ত হন। বি এ গ্রেট কোচ।

·         সাধারণ হয়েও অসাধারণ
বাচ্চারা খুব অল্পতেই খুশি হয়। হাতে চাঁদ এনে দেবার চেয়ে, চাদের বুড়ির গান শোনাতেই দেখবেন একফালি হাসি বেয়ে পরবে ছোট্ট সোনার মুখে। ছোট ছোট কিছু কাজ একসাথে করুন- একসাথে টিভিতে ওর প্রিয় কার্টুনটা দেখুন, হাসির অংশগুলোতে আপনিও হেসে গড়াগড়ি খান। ওর প্রিয় গানের তালে দুজন মিলে হাত-পা ছুড়ুন- শেক ইয়র টেইল ফেদার! এই ছোট ছোট মুহুর্তগুলো কখন যে ওর কাছে খুব ভালোবাসার একটা স্মৃতি হয়ে যাবে, কে যানে!

·         হতে হবে একেবারে আলাদা
অন্য মায়েদের চেয়ে কর্মজীবি মায়েরা শিশুর সাথে সময়টা কম পান। আর তাই তাদের আক্ষেপের-ও শেষ নেই। কিন্তু মনে রাখুন- আপনি অনন্য মা; যাকে সকল লাইফেই ব্যালেন্স করতে হয়। নো কমপ্রোমাইজ।
কর্মজীবি মায়েরা যারা পুণঃরায় আবার মা হতে যাচ্ছেন তাদের জন্য বিষয়টা একটু কষ্টকর। আগের মত বাবুর সাথে হাত পা ছুড়ে খেলতে না পারলেও; বিশ্রাম নিতে নিতেই ওর সাথে গলা ছাড়ুন। ওকে পাশে রেখে ওর খেলার সাথি হোন।
·         ওর অনভিপ্রেত আচরণ হোক বার্তা- কি হচ্ছে ওর সাথে
বাচ্চারা বহুবিধ কারণে অনভিপ্রেত আচরণ করতে পারে; তার মানে এক নয় যে ও হাত ছাড়া হইয়ে যাচ্ছে, বা বেয়ারা। হতে পারে ও আপনাকে কিছু বোঝাতে চেয়েও পারছেনা, হতে পারে ও ক্ষুদার্ত/ টায়ার্ড অথবা কোন কারনে বিরক্ত। ওর চাই আপনার আরো মনোযোগ। ওর যত্নে অবহেলা অথবা অন্যায় হচ্ছে- হয়ত ও কিছুই বোঝাতে পারছেনা। এরকম অবস্থায় আমরা ভ্রু কুচকে বলি- বাবু ভারি বিরক্ত করছে! না! ওকে বোঝার চেষ্টা করুন- বুঝুন অঘটনের আগেই।

·         আসুন জানাই পরিবার ও বিশ্বাসের বাণী
পাতিলে-পাতিলে টক্কর খায়না এমন কথা অকল্পনীয়। স্বামী-স্ত্রীর মাঝে মতের দ্বিমত হতেই পারে। তার বহিঃপ্রকাশ শিশুর সামনে করা যাবেনা। কথা বলুন ধৈর্যের সাথে; কথা বলুন যুক্তি দিয়ে-শান্ত ভাবে। কথা বলুন বাবুর আড়ালে।  ওকে পারিবারিক বন্ধনের মূল্য বুঝতে দিন। ওর সামনে কাওকে গাল মন্দ করবেন না; কিংবা কটুক্তি করবেন না কারোব্যপারে। আপনার ধর্মের বানী খুব ছোট কাল থেকেই ছড়িয়ে দিন ওর মাঝে-খেলার ছলেই, কিংবা শুরু করুন খাবার/ ঘুমের আগের প্রার্থণা দিয়েই।

·         প্রকৃতিও হোক শিক্ষক
প্রকৃতি হল শিশুর প্রথম শিক্ষক। ওকে খেলতে খেলতে পরতে দিন। ও তা থেকেই শিখবে সাবধানতা। কখনোই ওভার-প্রটেক্টিভ হওয়া উচিতনা। এটি ওর কনফিডেন্স লেভেলকেও জিরো করে দেবে। 

·          নিজেকে তৈরি করি ওকে করবার আগে
একজন হাসিখুশি প্রাণ-চঞ্চল মা-ই গড়তে পারেন একটি সুস্থ-সজীব পরিবার। তাই নিজেকে আদর্শ, সুস্থতা ও বিচক্ষণতার চালুনী দিয়ে চেলে নিন। নিজেকে উদ্যোমী করুন- ঝেড়ে ফেলুন –‘ফ্রাস্ট্রেশন’। আপনি ফিট তো ফ্যামিলি হিট।
***********

সবচেয়ে বড় কথা-নিজেকে হারানো চলবেনানিজের কথা ভুলে সব বিসর্জন দিয়ে মন মরা হয়ে দিনান্তিপাত করলে- তার নেগেটিভ ভায়াব্রেশন আপনার আশে-পাশের কাছের মানুষকেও মন মরা করে দেবে। আপনার শখ আহ্লাদকে জিইইয়ে বাখুন; লালন করুন, পুরণ করুন। নিজেকে উপহার দিন। টিনএজ বইয়েসে যেমন সাজুগুজুর বাক্স নিয়ে আয়নার সামনে বসে পরতেন, বসে পরুন। জীবন একটাই- তাইনা?

দূরন্ত দুই


দু-বছরের বাচ্চাদের বলা হয় ‘টেরিব্যাল টোওস’ -জানেনই তো। এই দূরন্তপানার সময়টা পার করছি আমি। আর বাচ্চার মায়েদের মত এখন আমি নিজেই বলি- ‘আমার কন্যা যে এত্ত দুষ্টু’! জীবনটা একেক সময় একেকটা রূপ নিয়ে হাজির হয় তাইনা! কখনো আবার নিজের ফেলে আসা দিনগুলোকেই যেন চোখের সামনে মেলে ধরে। আমার কন্যার বাবা গেল শুক্রবার বুঝেছেন কেন আমার শ্রদ্ধেয় শাশুরী মা তাকে নিয়ে আর হাট-বাজারে বা বিপনীগুলো যাবার সাহস করতেননা। ইদানিং আমিও পৃথিবীর বহুল মায়েদের ব্যবহৃত ডায়ালগের সাথে গলা মেলাতে নিজেকে খুঁজে পাই- ‘আমার বাচ্চাটা খুব জেদি। কথা বললে কথাই শোনে না’!

কিছু সময় সত্যিই টেম্পার কন্ট্রোল করা কষ্টকর। কিন্তু তাই বলে চটাস করে অতটুকুন গালে চড় বসিয়ে দেয়া বা বকুনি দেয়া আপনার বজ্র শাসন, অনুশাসন, ডিসিপ্লিনড লাইফকে কোন ভাবেই সম্মানিত করবেনা।  বরং সেটা আপনার শাসনের দূর্বলতাকেই ঠিকরে তুলবে। সেই সাথে সন্তানের কোমল হৃদয় ও মননে আপনার প্রতি সম্মানের চেয়ে ভয়কেই অধিক আশকারা দেবে।

অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মজীবি মাইয়েরাই এই ভোগান্তিতে বেশি ভুগে থাকেন। চাকরী ছেড়ে বসে থাকার জোঁ নেই বলে কলাপ চাপড়ান অথবা বাবুর গাল থাপরান।  অথবা শোনা কথায় কান দিয়ে বিশ্বাস স্থাপন করেন – “কর্মজীবী মা-বাবার বাচ্চারা একটু বেশিই জিদ্দি হয়। ইনফিরিয়র কমপ্লেক্সে ভোগে তো।“
ব্যস- আবার সেই মন খারাপের ঘন কালো মেঘের ভেলা; অথবা সেই ‘সময়’ নামক পাগলা ঘোরা খুঁজবার দুধভাত খেলা।

পরিবার যেমনই হোক, বাচ্চাটাই তো মোস্ট ইম্পোর্ট্যান্ট। পরিবারের সবকিছু এখন ওর ভালো কে ঘিরেই। তাই টেনশনে দাতঁ দিয়ে নখ না কেঁটে, ডেইলি লাইফে দাগ কাঁটুন রুটিনের।

·         ভয় নয়, ওকে বুঝিতে দিনঃ
বাবু খেতে চায় না তাই আজগুবি সব ‘নাম’ বা গল্প বানিয়ে ভয় দেখিয়ে খাওয়ানো একটা কালচারের মতন প্রায়। ওখানে যেও না, বাবা বকবে। ওটা ধরো না- তেলাপোকা কামড় দেবে। এরকম ছোট ছোট ‘সেফ লাই’ আমরা প্রায়ই করে থাকি। ফলেন্তু বাচ্চা ভয়ে খাওয়া দাওয়া করে কিংবা আপনি যা চাচ্ছেন না তা থেকে সাময়িকভাবে  বিরত থাকে। ব্যস আপনি খুশি।
ঐ যে বললাম ‘সাময়িক খুশি’- কিছুক্ষন পর দেখবেন বাবু আবার ঐ কাজটিই করছে। অর্থাৎ সে যখন আভাস পেয়েই যায় যে ওটা বলার জন্য বলা তখন সে কাজটি আবারো করে। অন্যদিকে, এটাও সত্য যে আপনার সিমপ্ল ও সেফ লাইগুলো ওর বেড়ে ওঠায়, ওর মনণে হার্ডল ক্রিয়েট করে। ও হীনমন্যতায় ভোগে, সব কিছুতেই ভয় পেতে শেখে।  
তাই, বাবুকে ভয় দেখিয়ে নয়- বরং ওকে বুঝিয়ে বলুন অথবা আদর দিয়ে বলুন ‘কাজটা কেন করতে হবে’, ‘কেন খেতে হবে’, ‘কেন ওটা ধরা ঠিক নয়’। এটাও সত্য এত ছোট বাবু এত সহজেই ধৈর্য দিয়ে আপনার কথা শুনবে না; তাই বলে আপনার ধৈর্য হারা হলেও চলবে না।

·         জানতে দিনঃ
ওকে ফলাফল জানতে দিন। না খেয়ে থাকলে ক্ষুধায় কষ্ট পেতে হয় যেমন জানা জরুরী তেমনি জরুরী জানা- যে খেলাটা কিভাবে খেললে সে ব্যথা পাবে। বাবু তখন নিজেকে গুটিয়ে নেয়া শিখবে। তাই বলে ফলাফল জানতে তাকে একলা ছেড়ে দিলে চলবেনা। সাথে থাকুন।
মোস্ট ইম্পর্টেন্টলি, যে বাচ্চাগুলো বেশি চঞ্চল তাদের চঞ্চলতার অন্যতল কারণ হল- ইনসিকিউরিটি। কি হতে যাচ্ছে বুঝতে পারেনা। আবার কিছু হবার পর আরো বেশি ঘাবড়ে যায় অথবা অতি উৎসাহী হয়ে যায়। তাই হ্যান্ডেল করতে হবে কৌশলে।

·         এনকারেজ করুনঃ
চিন্তা করুন তো- আপনি খুব মজার একটা ডেজার্ট বানালেন। সবাই খেয়ে দেয়ে আপনাকে কোন কমপ্লিমেন্ট না দিয়ে টেবিল ছেড়ে উঠে গেল। কেমন লাগবে আপনার?
আমি হলে বলতাম- এই শেষ! জীবন গেলেও আর ডেজার্ট বানাব না।
অর্থাৎ আমরা সবাই চাই কেউ আমাদের কদর করুক। শিশুরাও তাই। ওরা হামাগুড়ি দেয়া শিখুক কিংবা আকাঁবাকাঁ করে এবস্ট্রাক্ট আর্ট-ই হোক- ওকে প্রেইজ করুন। দেখবেন- ও ঠিকই আরেকটু কদর পাবার লোভে নিজেই ভালো কাজগুলোর দিকে ঝুকেঁ পড়বে।

·         মাথা ঠান্ডা রাখুনঃ
ভার্বাল রিসোনিং শিশুদের ক্ষেত্রে কাজ দেয় না। তাই বকুনি দিয়ে লাভ নেই। ওরা মাথা গরম করা কথাগুলো মনে রাখেনা। রাখলেও শিক্ষা হিসেবে নেয় না। বরং মনে করে বকুনি যে দিচ্ছে সে শুধু শুধু রাগ করছে। বকুনি না দিয়ে বরং বার বার মনে করিয়ে দিন- লক্ষী হয়ে থাকবার কথা, বা আজ আমরা সারা দিন কি কি করব। আপনি না থাকলে ও যার কাছে থাকছে তাকেব বলুন ওকে মনে করিয়ে দিতে আজ কি কি করব। রাগ না করে বলুন এই কাজটা অন্য কিভাবে করলে দুষ্টুমি হবেনা- হবে সবচেয়ে স্মার্ট আর লক্ষীবাচ্চার মত কাজ।

·         নিয়ম প্রতিষ্ঠা করুন ও সময় বেধে দিনঃ
বাচ্চারাও কিন্তু নিয়মের বাইরে থাকতে চায়না, একটু এদিক সেদিক হলেও দেখবেন কাছাকাছি সময়ে খাওয়া- ঘুম সেরে নেয়। বাগড়াটা তখনই বাজে যখন আপনি তাকে বলবেন- আসো এখন খাবে বা এখন ঘুমাবে এবং ক্ষেপে একপ্রকার জোড় জবরদস্তি করেন। জবরদস্তি ইস নট দ্যা সোলুশন। ওকে বোঝাতে হবে এখন খাওয়া উচিত। এক্ষেত্রে আপনাকে বা ও যার কাছে থাকছে তাকে কৌশলী হতে হবে। আদর দিয়ে তাকে তার নির্ধারিত সময়ে ঘুম ও খাওয়ার অভ্যেস করা চাই। মনে রাখবেন- বাবু যদি খেতে খেতে কার্টুন দেখতে চায়, এবং আপনার নিয়মে তা যদি ‘নিষেধ”ই হয়ে থাকে তবে তা বলবৎ রাখুন। এই একটাই দেখছে বলে আজকের জন্য ছেড়ে দিলে ও রোজ আপনার পরীক্ষা নেবে। তাই কিছু কিছু হোম রুল প্রতিষ্ঠিত রাখুন।
 
·         ছোয়ায় রাখুনঃ
বাচ্চারা সান্নিধ্য পছন্দ করে। ও নিজে নিজেই দ্রূত বড় হবার যতি সিদ্ধান্ত নিক না তোড়জোড় করুক- কোলের ওম বা আপনার আদর মাখা হাত কিন্তু ওর সবচেয়ে প্রিয়। আমার মেয়েকে যদি জিজ্ঞেস করি- ‘বাবা আদর করে? কেমন করে করে?” তাহলে ও নিজের গালে আলতো হাত বুলিয়ে দেখাবে বাবার আদর। তার মানে বাবুর কাছে বাবা মায়ের ছোয়া অনেক বড় একটা ফ্যাক্টর, অনেক অনেক পাওয়া, অনেক বড় কোন অর্থ- ওর স্পেশাল হয়ে যাওয়া।

·         ইতিবাচক পরিবেশ গড়ে তুলুনঃ
বাড়িতে ইতিবাচক পরিবেশ গড়ে তুলুন- তা আপনার সংসারে সম্পর্কগুলোর ক্ষেত্রেই হোকনা কেন আর ফার্নিচার। বাসার ফার্নিচারগুলো এবং ইলেক্ট্রিক ওয়ারিংগুলো হতে হবে শিশুবান্ধব ও নিরাপদ, যাতে কথায় কথায় বারণ শাসন দরকার না হয়।
অন্যদিকে, বাবুর খেলনা ও গল্পের বইগুলো ওর হাতের কাছেই রাখুন। যাতে সে তার মত  রাজত্ব করতে পারে নিজের রাজ্যে।

·         জলকেলি, ক্লে/ বালি ঘর, ফিঙ্গার পেইন্টঃ
দূরন্ত শিশুটিকে শান্ত করবার অসাধারণ ফর্মূলা হতে পারে – পানি। উষ্ণ গরম পানির গোসলে বাবুরা অনেক আরাম পায়। গোসলটাকে আনন্দদায়ক করুন। বাথটাবে কিছু খেলনা ছড়িয়ে দিন। দু’জনই পানি ছলকান। বেবি শপগুলোতে এখন বাথ টাইম বুকস পাওয়া যায়। পানি লাগলেও কিছু হয়না বইগুলোর। গোসলের সময় এই বইগুলো দারুন হেল্পফুল।
শীতকাল হলে ওর গা মুছে দিন ভেজা কাপড় দিয়ে।
বাবুদের নরম শরীর ম্যাসাজের জন্য বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যায় এখন বেবি শপগুলোতে। ওগুলোর ফায়দাও নিতে পারেন।
‘ক্লে’ কিন্তু অসাধারন একটা খেলা। বাবুর চেয়ে বড়রাই মনে হয় এই খেলাতে নিমগ্ন হয়ে যায় বেশি। দু’বছরের পর থেকে সাধারণত ক্লে জায়েজ। কারণ এর ক্যান্ডিসুলভ গন্ধ-ই দু’ বছরের কম বয়সী শিশুদের জন্য এর ব্যবহার প্রোহিবিট করবার কারণ। তবে, সাথে যদি আপনি থাকেন তবে আর চিন্তা কি? দুজন মিলে লেগে পরুন মজার মজার সব শেপ বানাতে। এটা বাবুর মেধা ও চিন্তায় দারুন দোলা দেয়।
বালি দিয়েও একই ভাবে খেলা বাচ্চাদের জন্য মজাদার, সাথে যদি আপনি থাকেন। বারান্দার এককোণে সাগর পাড়ের মতন বানিয়ে ফেলুন ক্যাসেল। বালি নিয়ে খেলবার খেলনাও কিন্তু এখন সহজলোভ্য। ঝামেলাটা হল- পরিষ্কার রাখা। এইজন্যই বললাম- একটা কর্ণার- শুধুই বালি নিয়ে খেলবার। 

·          ওর অনুভূতিকে সম্মান করাঃ
ও ছোট বলেই ওর অনূভূতিকে বেশি সম্মান দিতে হবে; ওটা ওর হাতেক্ষরি জানেনইতো। ও যা দেখবে তাই শিখবে, রপ্ত করবে। এই ছোট বইয়েসেই কিন্তু ওর পারসোনালিটি ডেভেলপ হতে থাকে। আর তাই ওর আবেগ-অনুভূতিকে বিশেষ মর্যাদা দিন। ও যেন বুঝতে পারে যে ওর পছন্দ- অপছন্দ বা অসহায়ত্বকে আপনি ফেলনা মনে করছেননা।
এপ্রো
চ এভাবে করতে পারেন- “এত্ত শব্দে তোমার বিরক্ত লাগছে? জানো, আমারো ভালো লাগছেনা এত্ত শব্দ!” এইঅভ্যেস ওর মাঝে দ্রুত পরিবর্তন এনে দেবে।

·         উৎসাহ দিন, বাহ্‌বা দিন, কমপেয়ার নয়ঃ
বাবুর দুষ্টুমির জন্য ওকে অন্য কোন বাবুর সাথে তুলনা করে ছোট করবেন না। ওর দুষ্টুমিকে হাইলাইট না করে ওর ভালো কাজগুলোকে বাহবা দিন। অত মনোযোগ না দিলেও আমি খেয়াল করেছিলাম আমার কন্যা বাড়ি ফিরবার সময় বলছিল- ‘মা আমি দুষ্টু’। সেই সময় শুধরে দিয়ে আমি বলেছিলাম-‘ আমার মেয়েটা সবচেয়ে ভালো’। পরবর্তীতে বোধ করেছি কি ভয়াবহ অঘটনতাই না আমি বা আমরা করেছি নিজের অজান্তেই। আর অতটূকু বাবুটারো না জানি কতটা খারাপ লেগেছে নিজেকে দুষ্ট বলতে। যাহোক! ভূলে আটকে থাকলে চলবেনা। এগিয়ে যেতে হবে যাতে ভূলেও ভূল না হয়।

·         ইউসিং পসিটীভ লেভেলসঃ
বাবুকে যত পারুন পসিটীভ নামগুলো দিয়ে ডাকুন বা এনকারেজ করুন। ওর দুষ্টুমী বা কথা না শুনবার জন্য ও কে ‘দুষ্টু’- ‘পাজি’ না বলে বরং লক্ষীসোনা বলুন।

·         নির্বাচন করতে দিন ওকেইঃ
এই বয়সে বাচ্চারা নিজে নিজেই সব করতে চায়। বড় হবার জন্য উঠে পরে লাগা যাকে বলে। দেখুন আপনি আমি কিন্তু একেবারে উল্টোটা চাই তাইনা? হায়্রে ছেলে বেলা!! বয়সের দাবি!
যাহোক। ওকে নিজে নিজে কাজ করবার এই চেষ্ঠাগুলোকে অবিরত রাখতে দিন। হোক একটু দেরী। প্যান্টের এক পায়ে দু’পা ভরুক, উল্টো করে জুতো পরুক। চামচ দিয়ে ভূল-ভাল্‌ গ্রামারে খাক। পারছেনা তাই কেড়ে নিয়ে আপনি খা,য়ে দেবেননা। উৎসাহ দিন। অথবা নিজে ওর সামনে আরেকটা বাটি চামচ নিয়ে বসে পরুন। এখন হয়তো ঝামেলা বা সময় ক্ষেপন মনে হচ্ছে, কিন্তু খুব জলদিই বুঝবেন কি ব্লেসিংটাই না অপেক্ষা করছিল আপনার জন্য।

·         সরাসরি ‘না’ নয়ঃ
“বাবু! দুষ্টুমি করবানা” অথবা “ঘর নোংরা করবানা” না বলে বলুন –“চলো! আমরা লক্ষী হয়ে এই কাজটা করি”, “চলো এখন আমরা ঘর গুছাই। দেখিতো আমার বাবুটা কেমন ঘর গুছাতে পারে”।
অনেক সময় দেখবেন বাচ্চাকে যেটা না বলতে বা করতে বলবেন, ও সেটা বেশি করে করবে। এই  সময়টা ওরা পরীক্ষা করে ওদের গ্রহনযোগ্যতা বা ওদের লিমিট কতটুকু। ওকে জানতে দিন। কিন্তু কোমল ভাবে। ও ধিরে ধিরে আসলে নিজেকেই খুঁজে বের করছে।

নিজের অভিজ্ঞতা থেকেই আসলে পড়তে শুরু করলাম বাবুদের নিয়ে। শুরু করলাম তখন থেকেই, যখন আমার মেয়ে বলল- ‘মা আমি দুষ্টু”।  আমি শিশুবিশেষজ্ঞ নই। ধৃষ্টতাও দেখাই না তা হবার বা অনেক জানার। আমার কেন যেন পাঠ্য-পুস্তকেও আগ্রহ নেই-আমি কিবোর্ড চাপড়ানো মানুষ। নেট ঘেটে পড়া পর্যন্তই আমার সীমা। পড়ি আর টুকে রাখি। তারপর ঝোপ বুঝে কোপ- মানে বাস্তব জীবনে ব্যবহার। যেগুলো এপ্লাই করে সুফল পেয়েছি বা পাচ্ছি- তা-ই লিখলাম। উপকারে আসলেই আনন্দিত।
সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা- আমাদের সন্তান দেবার জন্য। তা নয়তো বুঝতামই না- আমরা আমাদের বাবা-মায়ের কত আদরের, কত কষ্টের ফল।

·         Raising Your Spirited Child, by Mary Sheedy Kurcinka
·         The Difficult Child: Expanded and Revised Edition, by Stanley Turecki and Leslie Tonner
·         Living With the Active Alert Child, by Linda Budd
·         The Fussy Baby Book: Parenting Your High-Need Child From Birth to Age Five, by William and Martha Sears